
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে আগামী ২৫ আগস্ট থেকে শুরু হচ্ছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। ১৯ দিনব্যাপী এ মাহফিল আগামী ১২ সেপ্টেম্বর সমাপ্ত হবে।
মাহফিল উপলক্ষে শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় চুনতী সীরাতুন্নবী (সা.) মাহফিলের স্থায়ী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মাহফিল মোতায়াল্লী কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাহফিল মোতায়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহজাদা তৈয়বুল হক বেদার।
সভায় বক্তব্য দেন আলহাজ্ব ইসমাইল মানিক, অধ্যক্ষ ফারুক হোসাইন, আলহাজ্ব ওলিউদ্দিন, কফিলউদ্দিন লিটু ও অ্যাডভোকেট মিনহাজুল আবরার।
এ সময় উপস্থিত ছিলেন কামরুল হুদা, সৈয়দ উদ্দিন ছিদ্দিকী, আবু সাদেক খান, এবাদুর রহমান, সাদুর রহমান, শাহ মঞ্জিলের প্রেস সচিব সোহেল তাজসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, অলিকুল শিরোমণি, আশেকে রাসুল (সা.) ও মুজাদ্দিদে মাহফিল সীরাতুন্নবী (সা.) হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.) মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, শিক্ষা ও আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ মাহফিলের প্রবর্তন করেন। দীর্ঘ ৫৬ বছরের পথপরিক্রমায় চুনতীর এই ঐতিহ্যবাহী মাহফিল দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ব্যাপক পরিচিতি ও বিশেষ গুরুত্ব লাভ করেছে।
এবারের বাজেট ৬ কোটি টাকা
মাহফিল মোতায়াল্লী কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবারের ১৯ দিনব্যাপী মাহফিল আয়োজনের সম্ভাব্য বাজেট প্রায় ৬ কোটি টাকা। ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অনুদান ও সহযোগিতার মাধ্যমে প্রতিবছর এ মাহফিলের যাবতীয় ব্যয় নির্বাহ করা হয়।
মাহফিল সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। মাহফিল মোতায়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপ-কমিটিগুলোর সমন্বয়ক শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত জানান, প্রস্তুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে হাজারের অধিক সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মাহফিলের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি বলেন, চুনতীর ঐতিহ্যবাহী ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর শিক্ষা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহফিলের সংবাদ ও কার্যক্রম দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রচারের জন্য তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা
মাহফিলকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে আগত অতিথি, আলেম-ওলামা ও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত করা হয়েছে। মাহফিল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সভায় জানানো হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সার্বিক সহযোগিতা, দোয়া ও আন্তরিক প্রচেষ্টায় ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হবে।
মসজিদে বায়তুল্লাহর খতিব মাওলানা জাফর সাদেক ইকবালের মিলাদ ও মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 









