
আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি জোরদার করেছে। সম্ভাব্য তফসিল আগামী আগস্টের মাঝামাঝি ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নির্বাচনে অংশ নিতে নতুন ভোটারদের জন্যও সুযোগ রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা ভোটার হিসেবে নিবন্ধন করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সংসদে জানিয়েছেন, নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দ্রুত ভোটগ্রহণের ব্যবস্থা করা হবে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমও সে অনুযায়ী চলছে।
নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। বাকি ইউনিয়ন পরিষদগুলোর মেয়াদ শেষ হবে ২০২৭ ও ২০২৮ সালে।
এ ছাড়া মামলা, সীমানা-সংক্রান্ত জটিলতা ও অন্যান্য কারণে দীর্ঘদিন ধরে ১০৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
পৌরসভার ক্ষেত্রে দেশের মোট ৩৩০টির মধ্যে ৩২০টি পৌরসভা বর্তমানে নির্বাচন উপযোগী। তবে আইনি জটিলতার কারণে ১০টি পৌরসভায় এখনই নির্বাচন সম্ভব নয়।
অন্যদিকে, নতুন পাঁচটি উপজেলাসহ দেশের মোট ৫০০টি উপজেলা পরিষদে বর্তমানে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই। ফলে সব উপজেলা পরিষদই নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।
এছাড়া নতুন গঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনেও বর্তমানে নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলোতেই নির্বাচন আয়োজনের সুযোগ রয়েছে।
দেশ বাংলা অনলাইন 

