
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক ফল ব্যবসায়ীর প্রায় পৌনে ৪ লাখ টাকা নিয়ে ফলের দোকানের কর্মচারী উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল মন্নান গত ২৮ জুলাই লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমিরাবাদ স্টেশন এলাকার ‘মেসার্স লোহাগাড়া ফ্রুটস গার্ডেন’-এর যৌথ মালিক মো. আবদুল মন্নান ও ফরিদুল আলম দীর্ঘদিন ধরে ফলের ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রতিষ্ঠানের কর্মচারী সাহাব উদ্দিন (৪৫) ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিভিন্ন মার্কেট থেকে খুচরা বিক্রেতাদের কাছ থেকে পাওনা টাকা আদায়ের দায়িত্বে ছিলেন।
তিনি সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকান এলাকার মোহাম্মদ হোসেন ও মোসলেম খাতুনের ছেলে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ, গত ২২ জুলাই বিকেল ৩টার দিকে সাহাব উদ্দিন বিভিন্ন মার্কেট থেকে পাওনা টাকা সংগ্রহের উদ্দেশ্যে বের হন। পরে তিনি মোট ৩ লাখ ৭১ হাজার ৫শ টাকা আদায় করলেও তা প্রতিষ্ঠানে জমা না দিয়ে আত্মগোপন করেন।
এই ঘটনার পর থেকে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে তার স্ত্রী ও ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা উল্টো হুমকি-ধমকি দেন উক্ত ব্যবসায়ীকে।
ফল ব্যবসায়ী আবদুল মন্নান বলেন, ঘটনার পর প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ ও মার্কেট অডিট করে দেখা যায়, সাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকান থেকে আদায়কৃত টাকার একটি অংশ প্রতিষ্ঠানে জমা দিয়ে বাকি অর্থ আত্মসাৎ করে আসছিল। অভিযুক্ত কর্মচারী সাহাব উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 