
দেশের ভোক্তাদের জন্য স্বস্তির খবর এসেছে। ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও প্রতি লিটারে উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের মূল্য প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭৪ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং জাহাজভাড়া (ফ্রেইট চার্জ) কমে যাওয়ায় ভোক্তা পর্যায়ে এই মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে চলতি বছরে এলপিজির দাম একাধিকবার বাড়ানো হয়। ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৭ টাকা এবং ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়। অর্থাৎ, দুই দফায় দাম বেড়েছিল মোট ৫৯৯ টাকা।
পরে জুন মাসে দাম কিছুটা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হলেও এবার এক ধাপে ৩৫৭ টাকা কমিয়ে তা ১ হাজার ৫২৮ টাকায় নামিয়ে আনা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর থেকে এলপিজির বাজারে মূল্য অস্থিরতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সরকারি নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ ওঠে। মার্চ মাসে নির্ধারিত মূল্য ছিল ১ হাজার ৩৪১ টাকা, কিন্তু বিভিন্ন এলাকায় ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হওয়ার তথ্য পাওয়া যায়।
প্রসঙ্গত, ২০২১ সালের ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপিজির মাসভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করে বিইআরসি। এরপর থেকে আন্তর্জাতিক বাজারে সৌদি আরবের কনট্রাক্ট প্রাইস (সিপি) এবং সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় নিয়ে প্রতি মাসে নতুন মূল্য ঘোষণা করা হচ্ছে।
দেশ বাংলা অনলাইন 

