
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর পারস্য উপসাগরে আটকে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ আবার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের জন্য নোঙর তোলে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’–এর তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ১২টার দিকে জাহাজটি সৌদি আরবের দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল। ৩৭ হাজার টন সারবোঝাই জাহাজটি বর্তমানে ঘণ্টায় প্রায় ৮ দশমিক ৩০ নটিক্যাল মাইল গতিতে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।
জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান গণমাধ্যমকে জানান, তারা এখনো হরমুজ প্রণালি থেকে প্রায় ৪২৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছেন। এই পথ অতিক্রম করতে আরও প্রায় ৪০ ঘণ্টা বা দুই দিন সময় লাগতে পারে।
বিএসসি সূত্রে জানা গেছে, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি জাহাজটি পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিনই ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিরাপত্তার কারণে জাহাজটিকে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হলেও পরিস্থিতির অবনতির কারণে এটি হরমুজ প্রণালির ভেতরেই আটকা পড়ে।
গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষে কুয়েতে নতুন পণ্য নেওয়ার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে পরিকল্পনা পরিবর্তন করা হয়। পরবর্তীতে জাহাজটি নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও উত্তেজনার কারণে আবারও আগের অবস্থানে ফিরে যেতে হয়।
দীর্ঘদিন অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে থাকার পর যুদ্ধবিরতির সুযোগে অবশেষে জাহাজটি আন্তর্জাতিক জলসীমার দিকে যাত্রা শুরু করতে সক্ষম হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

