
সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পৃথক হাওরে এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন—তাহিরপুরের আবুল কালাম (২৫), জামালগঞ্জের নাজমুল হোসেন (২৬), ধর্মপাশার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ (১৩), এবং দিরাইয়ের লিটন মিয়া (৩৮)।
স্থানীয়রা জানান, দুপুরে হাওরে ধান কাটার সময় হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে এসব দুর্ঘটনা ঘটে।
তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রপাতে গুরুতর আহত হন আবুল কালাম। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে বজ্রপাতে নিহত হন নাজমুল হোসেন। তিনি চানপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওসি বন্দে আলী।
ধর্মপাশায় পৃথক দুটি ঘটনায় প্রাণ হারান হাবিবুর রহমান ও রহমত উল্লাহ। হাবিবুর রহমান পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের বাসিন্দা এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রহমত উল্লাহ জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের বাসিন্দা। ওসি মোহাম্মদ সহিদ উল্যাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দিরাই উপজেলার কালিয়াগোটা (আতরার) হাওরে বজ্রপাতে গুরুতর আহত হন লিটন মিয়া। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার।
দেশ বাংলা অনলাইন 

