
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে চট্টগ্রামের সাতকানিয়ায় ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘কৃষকের বাজার’ উদ্বোধন করা হয়েছে।
কৃষকের বাজার উদ্বোধন করেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী তারেক হোসাইন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শুম্ভু নাথসহ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন,
“কৃষকই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু অনেক সময় মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য দাম থেকে বঞ্চিত হন এবং ভোক্তাদেরও বেশি দামে পণ্য কিনতে হয়। এই সমস্যার সমাধান করতেই উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘কৃষকের বাজার’ চালু করা হয়েছে। এখানে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত সবজি, ফল ও অন্যান্য কৃষিপণ্য বিক্রি করতে পারবেন। ফলে একদিকে কৃষক ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে সাধারণ মানুষও তুলনামূলক কম দামে তাজা ও নিরাপদ কৃষিপণ্য ক্রয়ের সুযোগ পাবেন। ভবিষ্যতে এই উদ্যোগ আরও বিস্তৃত করা হবে যাতে কৃষক ও ভোক্তা—উভয়েই উপকৃত হন।”
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন,
“কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনাই ‘কৃষকের বাজার’-এর মূল উদ্দেশ্য। এখানে স্থানীয় কৃষকেরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য নিয়ে এসে বিক্রি করছেন, যার ফলে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমে যাচ্ছে। এতে কৃষক যেমন লাভবান হচ্ছেন, তেমনি ক্রেতারাও সাশ্রয়ী দামে তাজা কৃষিপণ্য পাচ্ছেন।
কৃষকের বাজারটি প্রথমে ট্রায়াল দিলাম। পরে এটি কৃষকের সুবিধা মতো স্থানে বসানোর চেষ্টা চালিয়ে যাবো।
এছাড়া কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা কৃষকদের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।”
মুহাম্মদ নাজিম উদ্দিন 

