
কুমিল্লার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর ঘটনায় ব্যাপক সমালোচনার পর এই সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ তাৎক্ষণিক কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় বুধবার (১ এপ্রিল) দুপুরে। ওইদিন চান্দিনা উপজেলা ভূমি অফিসে দুই সাংবাদিককে হাতকড়া পরানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের মধ্যেও ক্ষোভ দেখা দেয়।
ভুক্তভোগীরা হলেন দৈনিক মানবজমিনের দেবিদ্বার প্রতিনিধি রাসেল সরকার এবং স্থানীয় গণমাধ্যম ‘আমার শহর’ ও ‘ফেস দ্য পিপল’-এর প্রতিনিধি আব্দুল আলিম।
আব্দুল আলিম জানান, তার আত্মীয়ের নামজারি সংক্রান্ত একটি মামলার শুনানিতে অংশ নিতে তিনি সহকর্মীকে নিয়ে অফিসে যান। সেখানে শুনানির বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার উত্তেজিত আচরণ করেন। এক পর্যায়ে তিনি ভিডিও ধারণ শুরু করলে কর্মকর্তা মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে পুলিশ ডেকে তাদের হাতকড়া পরিয়ে থানায় পাঠানো হয়।
তিনি আরও অভিযোগ করেন, থানায় নেওয়ার পর তাদের ফোন থেকে ভিডিও ও ছবি মুছে ফেলা হয় এবং একটি মুচলেকা লিখিয়ে নেওয়া হয়।
অন্যদিকে, অভিযুক্ত কর্মকর্তা ফয়সাল আল নূর দাবি করেন, অনুমতি ছাড়াই তার কক্ষে ভিডিও ধারণ করায় পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ভুল বোঝাবুঝি নিরসন হলে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে তাদের ছেড়ে দেওয়া হয় এবং একটি মুচলেকা নেওয়া হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
দেশ বাংলা অনলাইন 

