
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উপহার ও দানের ওপর করসংক্রান্ত নতুন নীতিমালা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, শ্বশুরবাড়ি থেকে পাওয়া অর্থ বা সম্পদ এখন আয়করের আওতায় আসবে।
আগের মতোই বাবা–মা, ভাই–বোন, স্বামী–স্ত্রী ও সন্তানদের মধ্যে দেওয়া অর্থ বা সম্পদ করমুক্ত থাকবে। উদাহরণস্বরূপ, কোনও ভাই যদি তার বোনকে দুই লাখ টাকা উপহার দেন এবং তা আয়কর রিটার্নে উল্লেখ করা হয়, তবে এর ওপর কর দিতে হবে না। শুধু নগদ অর্থই নয়, জমি, ফ্ল্যাট, গয়না বা অন্য সম্পদও এ নিয়মের অন্তর্ভুক্ত।
প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ (রেমিট্যান্স) আগের মতোই করমুক্ত থাকবে। তবে পাঁচ লাখ টাকার বেশি যেকোনো লেনদেন বাধ্যতামূলকভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করতে হবে।
অন্যদিকে, শ্বশুর–শাশুড়ি, শ্যালক–শ্যালিকা বা শ্বশুরবাড়ির অন্য সদস্যদের কাছ থেকে প্রাপ্ত অর্থ, গয়না, জমি বা ফ্ল্যাট এখন করযোগ্য হবে। এ ধরনের দান বা উপহার অবশ্যই আয়কর রিটার্নে উল্লেখ করতে হবে এবং প্রযোজ্য কর দিতে হবে। উপহারদাতা ও গ্রহীতা উভয়কেই রিটার্নে বিষয়টি উল্লেখ করতে হবে।
কর কর্মকর্তারা জানান, অতীতে অনেক সময় শ্বশুরবাড়ি থেকে প্রাপ্ত সম্পদকে “উপহার” হিসেবে দেখানো হলেও দাতার রিটার্নে তা উল্লেখ করা হতো না। এতে অবৈধ অর্থ বৈধ করার সুযোগ তৈরি হতো। এবার এনবিআর স্পষ্ট করে দিয়েছে—কোন দান করমুক্ত আর কোনটি করযোগ্য।
সহজভাবে বলা যায়, নিজের পরিবার (পিতা–মাতা, ভাই–বোন, সন্তান, জীবনসঙ্গী) থেকে পাওয়া সম্পদ করমুক্ত, কিন্তু শ্বশুরবাড়ি থেকে পাওয়া সম্পদ করের আওতায়।
মুহাম্মদ নাজিম উদ্দিন 


