
দেশে আবারও জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। নতুন ঘোষণায় অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তবে ডিজেলের দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকায় বিক্রি হবে। এছাড়া অকটেনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রাখতে এ মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দাম আগামী সোমবার থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, সর্বশেষ গত ৩০ এপ্রিল জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। এবার এক মাসের ব্যবধানে আবারও দাম সমন্বয়ের ঘোষণা এলো।
দেশ বাংলা অনলাইন 

