
বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, গ্রাহকদের ভোগান্তি ও অসন্তোষের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, খুব শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট হারে ‘মিটার ভাড়া’ পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ ছিল—মিটারের মূল্য পরিশোধ সম্পন্ন হওয়ার পরও দীর্ঘদিন ধরে এই চার্জ নেওয়া হচ্ছে, যা অযৌক্তিক।
এই চার্জ বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে সরব ছিল। সরকারের নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ ব্যয় কিছুটা কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
দেশ বাংলা অনলাইন 

