
দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে। ইতিমধ্যে একাধিক নকশা তৈরি করা হয়েছে, যার মধ্যে থেকে একটি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
রোববার রাজধানীর বসুন্ধরায় দলীয় কার্যালয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের আলাদা বৈঠকে প্রস্তাবিত নতুন লোগো প্রদর্শিত হয়।
প্রস্তাবিত লোগোতে সবুজ পতাকার ভেতরে বই, উদীয়মান সূর্য এবং একটি কলমের নকশা দেখা যায়। কলমটি দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে ব্যবহার করা হয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন,
“রাজনৈতিক দলের লোগো পরিবর্তন হওয়া স্বাভাবিক ব্যাপার। আমাদের দলেও এ নিয়ে আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত হয়নি। বৈঠকে যে লোগো দেখা গেছে, এটি কেবল একটি প্রস্তাবিত নকশা। সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
এর আগে জামায়াতে ইসলামী একবার লোগো পরিবর্তন করেছিল। আগের লোগোতে একটি গম্বুজাকৃতি কাঠামোর ভেতরে ‘আল্লাহ’ লেখা ছিল। সেখানে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সংযুক্ত ছিল এবং নিচে লেখা ছিল—‘আকিমুদ দ্বিন’ (দ্বীন কায়েম কর)।
মুহাম্মদ নাজিম উদ্দিন 


