
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকৌরিসকে পরাজিত করেন।
মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত ভোটে ১৯০টি সদস্যরাষ্ট্র অংশ নেয়। এতে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পান ৯১ ভোট।
জাতিসংঘের নিয়ম অনুযায়ী সাধারণ পরিষদের সভাপতি সদস্যরাষ্ট্রগুলোর ভোটে এক বছরের জন্য নির্বাচিত হন। ড. খলিলুর রহমান আগামী অধিবেশনে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান সভাপতি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।
বাংলাদেশ ২০২০ সালে এ পদে প্রার্থিতা ঘোষণা করলেও চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি ড. খলিলুর রহমানকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এরপর বিভিন্ন দেশের সমর্থন আদায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ, দ্বিপাক্ষিক বৈঠক এবং বহুপাক্ষিক ফোরামে সক্রিয় কূটনৈতিক প্রচারণা চালায়। এ প্রচারণায় পররাষ্ট্র মন্ত্রণালয়, নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন এবং বিদেশে বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলো সমন্বিতভাবে কাজ করে।
নির্বাচনের আগে গত ১৩ মে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক ইন্টারঅ্যাকটিভ সংলাপে ড. খলিলুর রহমান তাঁর ভিশন ও অগ্রাধিকার তুলে ধরেন। কূটনৈতিক মহলে তাঁর উপস্থাপনা ইতিবাচক সাড়া পায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অন্যদিকে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী সাইপ্রাস ২০১৬ সালে তাদের প্রার্থিতা ঘোষণা করেছিল এবং দীর্ঘ সময় ধরে প্রচারণা চালিয়ে আসছিল। সেই তুলনায় স্বল্প সময়ের প্রস্তুতি নিয়েও বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিজয় অর্জন করেছে।
দেশ বাংলা অনলাইন 

