
সরকার প্রশাসনে বড় রদবদল এনেছে। চট্টগ্রাম, ফেনী, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুর—এই চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামকে বদলি করে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ্ মনিরা হককে ফেনীর জেলা প্রশাসক করা হয়েছে।
এ ছাড়া বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মিজ আফছানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত ২১ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামে বদলির যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মুহাম্মদ নাজিম উদ্দিন 


