
রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর তার ছেলে, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ও যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমান-কে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার।
গত রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তথ্যের ভিত্তিতে পুলিশ মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে। অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যরা একই বাসায় অবস্থান করলেও দীর্ঘ সময় তার মৃত্যুর বিষয়টি প্রকাশ পায়নি।
এ ঘটনায় সন্তানদের দায়িত্ব ও পিতামাতার ভরণপোষণ নিশ্চিত করার আইন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০১৩ সালের পিতামাতার ভরণপোষণ আইন অনুযায়ী, বাবা-মায়ের দেখভাল ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সন্তানদের আইনগত দায়িত্ব। তদন্ত শেষে আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দেশ বাংলা অনলাইন 


