
ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ ফোনালাপে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং কূটনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন দুই নেতা।
ফোনালাপে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কাতারের ভূমিকার প্রশংসা করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, কাতারের গঠনমূলক কূটনৈতিক উদ্যোগ মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের জন্য ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান কাতারের আমির। তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা আঞ্চলিক উত্তেজনা কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক প্রভাব ফেলবে।
শেখ তামিম বলেন, বিরোধ নিষ্পত্তি এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি রক্ষায় কূটনৈতিক উদ্যোগের প্রতি কাতারের সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ফোনালাপে উভয় নেতা পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা, কূটনৈতিক প্রচেষ্টা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই নেতার এই আলোচনা আঞ্চলিক কূটনীতিতে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হতে পারে।
সূত্র: কাতার ট্রিবিউন
বাংলানিউজ 

