
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগরে নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ইফতার সামগ্রী বিতরণ–২০২৬’ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অভাবগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো কেবল দয়া প্রদর্শন নয়; এটি একটি নৈতিক কর্তব্য ও সামাজিক দায়িত্ব। ব্যক্তি থেকে রাষ্ট্র—সবার সমন্বিত উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নত করা সম্ভব।
রবিবার (১ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের উচিত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যাতে একটি মানবিক ও সাম্যভিত্তিক সমাজ গড়ে ওঠে। অন্যকে সাহায্য করার মধ্যে আত্মতৃপ্তি ও মানসিক শান্তি রয়েছে; এটি মানুষকে ইতিবাচক মানসিক শক্তি দেয় এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি উন্নত করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক নঈম কাদের, সমাজসেবক ও সংগঠক হাফেজ নাজিম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন আনিস চৌধুরী, কাজী এরশাদ, মাহমুদ, তামিম উদ্দিন, শোয়াইব মাহমুদ, মিনহাজ উদ্দিন ও বোরহান উদ্দিন রাব্বানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় ‘নুরে হাবিব ভিলা’ প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জাবিদ আহসান খালিদ।
অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মুহাম্মদ নাজিম উদ্দিন 

