
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ-এর গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে মানবপাচারসহ মোট পাঁচটি মামলার তথ্য রয়েছে বলেও জানা গেছে।
ডিবির প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, তার বিরুদ্ধে বিদ্যমান গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছর এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বে ছিলেন।
পরবর্তীতে ২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালে সরকার পরিবর্তনের পরও তিনি ২০১১ সালের জুন পর্যন্ত ওই দায়িত্বে বহাল ছিলেন।
রাজনীতিতে যোগ দিয়ে ২০১৮ সালে জাতীয় পার্টি-তে যুক্ত হন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
অবসরের পর তিনি জনশক্তি রফতানিসহ বিভিন্ন ব্যবসায় সম্পৃক্ত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 

