
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রভাব পড়ে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে সংকট দেখা দেওয়ায় সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার অফিস খোলা থাকবে এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।
তবে জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমও একই সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হবে। ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকলেও গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত—এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক।
এ ছাড়া আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট এবং শিল্প-কারখানার কর্মঘণ্টা নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

