
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ করে ব্যাপক প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহারে সমস্যার মুখোমুখি হন।
ব্যবহারকারীদের অভিযোগ, ওয়েব ব্রাউজার কিংবা মোবাইল অ্যাপ—কোনো মাধ্যম থেকেই স্বাভাবিকভাবে ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না। অনেকের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে এবং পুনরায় লগইনের চেষ্টা করলেও সফল হচ্ছেন না।
শুধু ফেসবুকই নয়, মেটার মালিকানাধীন অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপেও আংশিক সেবাবিঘ্নের খবর পাওয়া গেছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
বিভ্রাটের সময় ডেস্কটপে ফেসবুক ব্যবহার করতে গেলে অনেকের স্ক্রিনে ‘Sorry, Something Went Wrong’ বার্তা দেখা যায়। অন্যদিকে কিছু ব্যবহারকারী ‘Account Temporarily Unavailable’ বা ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ’ বার্তাও পেয়েছেন বলে জানিয়েছেন।
ঢাকার এক ব্যবহারকারী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ তার ফেসবুক অ্যাকাউন্ট লগআউট হয়ে যায়। পরে একাধিকবার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইনের চেষ্টা করেও ব্যর্থ হন। প্রথমে তিনি অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা করলেও পরে সামাজিক মাধ্যমে অন্যদের একই ধরনের অভিযোগ দেখতে পান।
ওয়েবসাইট ও অনলাইন সেবার ত্রুটি পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, এ সময় সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ফেসবুকের ওয়েব সংস্করণ ব্যবহারকারীদের কাছ থেকে। তারা জানিয়েছেন, প্ল্যাটফর্মে প্রবেশের চেষ্টা করলেই বিভিন্ন ধরনের ত্রুটির বার্তা দেখা যাচ্ছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের কারণ সম্পর্কে মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কী কারণে এই প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ফলে সেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী।
দেশ বাংলা অনলাইন 






