
নিজস্ব প্রতিবেদকঃ
আজ ৫ অক্টোবর বুধবার বিজয়া দশমী। এ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। অতীতের ধারাবাহিকতায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬৯ টি প্রতিমা ও ৩৯ টি ঘট পূজামণ্ডপে সুন্দর ও শান্তিপূর্ণভাবে এবারের দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।
এবারের পূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও সুন্দর করতে সরকারি নির্দেশনার পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ, সার্বিক সহযোগিতা, আইন-শৃঙ্খলা নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বক্ষণিক মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছিলো। উপজেলা পূজা উদযাপন পরিষদে নেতৃবৃন্দরা উপজেলা প্রশাসনের সকল ব্যবস্থাপনা, সার্বিক সহযোগিতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকায় অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান,”সকলের সম্মিলিত প্রচেষ্টায় অতীতের মতো এবারও লোহাগাড়ায় সুন্দরভাবে ও শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা উদযাপন হয়েছে। এক্ষেত্রে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, থানার মোবাইল টিমসমূহ, অন্যান্য পুলিশ সদস্যরা, সকল রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগণ, গ্রামপুলিশ ও আনসার সদস্যরা, পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকগণ দিনরাত নিরলস পরিশ্রম করেছেন। এছাড়া লোহাগাড়া উপজেলার সর্বস্তরের জনগণ দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করেছেন। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দও অনেক কষ্ট করেছেন, কার্যকর ভূমিকা রেখেছেন ও সহযোগিতা করেছেন। সংশ্লিষ্ট সকলকে ও লোহাগাড়ার সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি, ভবিষ্যতেও সব সম্প্রদায়ের সকল উৎসব শান্তিপূর্ণ ও সুন্দর করতে সকলে সহযোগিতা করবে। লোহাগাড়া উপজেলা সারা বাংলাদেশে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির একটি মডেল উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে।” তিনি উপজেলা পূজা উদযাপন পরিষদ ও প্রতিটি পূজামণ্ডপের পূজা উদযাপন পরিষদকেও ধন্যবাদ জানান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, “সকলের সর্বাত্মক সহযোগিতায় সুন্দরভাবে পূজা উদযাপন সম্পন্ন হয়েছে। আমি আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের পুলিশ বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ও লোহাগাড়াবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই।” লোহাগাড়ায় সকলের মাঝে সুন্দর সম্প্রীতি রয়েছে। পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা জোরদারে আমাদের থানা পুলিশের টিম কাজ করেছেন।
এবার পূজা উদযাপন শুরু হওয়ার পর থেকেই আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সুন্দর পরিবেশ ও সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিতে উপজেলা নির্বাহী অফিসার(ইউএন) শরীফ উল্যাহ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মাহবুব আলম শাওন ভুঁইয়া দিন-রাত মাঠে থেকে কঠোর পরিশ্রম করেছেন। প্রতিদিনই তারা একেক পর এক বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করতে দেখা গেছে। এছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও সময়ে সময়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


