
শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ায় পিকনিক বাসে আটক করে তল্লাসী চালিয়ে ৫৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল ৩০ আগষ্ট শুক্রবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজারের উখিয়া থেকে পার্বত্য জেলা রাঙামাটি পিকনিকে যাওয়া বাসটি থেকে ইয়াবার সাথে জড়িত থাকার অভিযোগে ঐ গাড়ির চালক ও হেলপারকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বাসচালক মো. রহিম (২৯) ও চালকের সহকারী মো. রফিক (২৮) । আটক মো. রহিম কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোড়া এলাকার নবী হোসেনের ছেলে এবং মো. রফিক টেকনাফের মো. আফজালের ছেলে পুত্র।
র্যাবের হাতে জব্দ হওয়া বাস ও ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লশি সুপার মো. মাশকুর রহমান সাংবাদিকদের বলেন, সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে ৫৮ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া র্যাব-৭ এর সহকারী পু্লশি সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ সাংবাদিকদের বলেন, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জামবাগান ইসলামিক ও সাংস্কৃতিক যুব ঐক্য পরিষদের ব্যানারে রাঙামাটি যাচ্ছিল পিকনিকের বাসটি। বাসের চালক ও সহযোগী কক্সবাজার থেকে এসব ইয়াবা গাড়িতে তুলেন। চট্টগ্রামে হস্তান্তর করার কথা ছিল এসব ইয়াবা। র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে কৌশলে পিকনিকের বাসে করে ইয়াবা নিয়ে আসছিল তারা। বাসে চালকের আসনের সামনে ড্যাসবোর্ডের পাশে আলাদা কম্পার্টমেন্ট তৈরি করে ইয়াবাগুলো সেখানে রেখে নিয়ে আসছিল।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


