
সাতকানিয়ায় ইভটিজিং প্রতিরোধে অভিযানে নেমেছেন উপজেলা প্রশাসন। আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান নিজেই মাঠে থেকে এই অভিযান পরিচালনা করেন।
ইউএনওর নেতৃত্বে ছমদিয়া পুকুর পাড়, জলিলের দোকান এলাকা, করাইয়ানগর ও পৌরসভার কলেজ রোডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে হঠাৎ অভিযান চালানো হয়। এ সময় তিনজন মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়, যারা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
পরে তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। অভিযানের সময় আটক ব্যক্তিদের শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে অহেতুক ঘোরাঘুরি না করার জন্য সতর্কও করা হয়।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “শিক্ষার্থীদের নিরাপদে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা এ অভিযান পরিচালনা করেছি। কোথাও ইভটিজিংয়ের অভিযোগ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা ইউএনও’র এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, ছাত্র-ছাত্রীদের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত হওয়া প্রয়োজন।
মুহাম্মদ নাজিম উদ্দিন 

























