
চট্টগ্রামের সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলামের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র জনতা। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট গুল চত্বরে অবরোধ করে রাখেন তারা। অবরোধ ও বিক্ষোভের কারণে কেরানীহাটের উভয় দিকে যাত্রীবাহী বাস, ট্রাকসহ সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এতে দুই দিকেই কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
আন্দোলনে অংশ নেওয়া আলমগীর সাবিক জানান, বদলির আদেশ প্রত্যাহারের ঘোষণা না এলে তারা প্রয়োজনে কঠোর কর্মসূচি পালন করবেন। তিনি বলেন, অস্ত্র মামলার এক আসামিকে পুলিশ ক্লিয়ারেন্স না দেওয়ায় এক প্রভাবশালী মহলের তদবিরে ওসিকে হঠাৎ প্রত্যাহার করা হয়েছে। ওনার প্রত্যাহার আদেশ বাতিল করে তাকে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বহাল রাখার দাবিতে জনতার পক্ষ থেকে মহাসড়ক অবরোধ করা হয়েছে। পরে প্রশাসনের কর্মকর্তারা আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস দিয়ে সময় নিয়েছেন আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত। যদি এ সময়ের মধ্যে আমাদের দাবি মানা না হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্থানীয় ছাত্র-যুবকেরা মহাসড়কের কেরানীহাটের গুল চত্বরে অবস্থান নেন। কিছুক্ষণের মধ্যেই এলাকাবাসীও তাদের সঙ্গে যোগ দেন। তারা স্লোগান তুলতে থাকেন—“সৎ ওসিকে চাই”, “ওসি জাহেদুল ইসলামকে ফিরিয়ে দাও।” একপর্যায়ে পুরো কেরানীহাট এলাকা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।
খবর পেয়ে পরে সাতকানিয়া সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন এসএম সাকিবুজ্জামান শামীম পারভেজের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। তাদের হস্তক্ষেপে আন্দোলনকারীরা ধীরে ধীরে মহাসড়ক থেকে সরে যান, তবে তারা মহাসড়কের পাশেই অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান রাত ৭টা পর্যন্ত।
আন্দোলনকারীদের দাবি, ওসি জাহেদুল ইসলাম দায়িত্ব নেয়ার পর থেকেই এলাকায় অপরাধ দমন ও মাদক বিরোধী অভিযানে দৃঢ় ভূমিকা রাখেন। “সৎ অফিসারকে প্রত্যাহার করা হলে সেটি জনস্বার্থের পরিপন্থী হবে—এমন মন্তব্য করেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, জনগণের স্বার্থে কাজ করায় স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রে ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন,
সরকারি চাকরিতে বদলি স্বাভাবিক বিষয়। সরকার যেখানে পাঠাবে, নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করব। জনগণের চাওয়া পাওয়া সেটাতো আলাদা বিষয়। আমরা সরকার চাকরিজীবী হিসেবে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করব। যখন যে পরিস্থিতিতে দিবে সেখানে যাবো।
মুহাম্মদ নাজিম উদ্দিন 

























