
রায়হান সিকদারঃ
করোনাভাইরাস নামক অদৃশ্য মহামারীর সাথে যুদ্ধ করছে দেশের মানুষ। করোনার সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি আর লকডাউন। করোনা ঠেকাতে লোহাগাড়ায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী।করোনা ভাইরাস প্রতিরোধের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা লোহাগাড়ার অসহায় মানুষের কথা বিবেচনা করে তাদের পাশে মানবিক সহায়তা নিয়ে ছুটে চলেছেন। কর্মহীন মানুষের মুখে খাদ্য তুলে দিতে মানবিক খাদ্য সহায়তা নিয়ে এলাকায় মানুষের ঘরে ঘরে ছুটছে অকুতোভয় সেনা সদস্যরা।
মানবিক সহায়তার অংশ হিসেবে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সৌজন্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে লোহাগাড়ার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার(১৪ মে) সকালে উপজেলার বড়হাতিয়াসহ বিভিন্ন এলাকার গৃহবন্দি, কর্মহীন ও দুঃস্থ-অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর আলিকদম ক্যান্টনমেন্ট ২৭বীরের ক্যাপ্টেন সজীব মাহমুদ জাকির।
ক্যাপ্টেন সজীব মাহমুদ জাকির জানান,
করোনা দুর্যোগে সাধারণ মানুষ যেন ঠিকমতো খেতে পারেন সে জন্য সেনা সদস্যরা এলাকার প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন, অসহায় মানুষ খুঁজে বের করেন। এবং তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী সেনা সদস্য কাঁধে বহন করে অসহায়দের হাতে পৌঁছে দিচ্ছেন।
তিনি আরও জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চললে নিজে সুস্থ থাকার পাশাপাশি পরিবার ও সমাজকে নিরাপদ রাখা সম্ভব। সবাইকে সরকারের দেয়া স্বাস্থ্য সর্তকতা মেনে চলার আহ্বান জানান।সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। যে কোন পরিস্থিতিতে লোহাগাড়ার মানুষের পাশে সেনাবাহিনী পাশে থাকবেন এবং খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


