
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৪টি অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বৈধ কোন কাগজপত্র না থাকায় ৪টি ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা করে দেওয়া হয়।
২ জুন দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অভিযানকালে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জিয়াউদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের সেনিটারী ইন্সপেক্টর মুহাম্মদ শের আলী, লোহাগাড়া থানার এসআই রুহুল আমিন, উপজেলা ভূমি অফিসের নয়ন দাশ ও ইব্রাহীম উপস্হিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, সারাদেশে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারের অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় লোহাগাড়ায় ৮টির মত অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। সেগুলোর মধ্যে আজকে অভিযান চালিয়ে বৈধ কোন কাগজপত্র না থাকায় ঠাকুরদিঘী বাজারে আবদুল আজিজের মালিকানাধীন মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, পদুয়া বাজারের
মুুহাম্মদ ফারুকের নিউ ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার, পুটিবিলা এমচরহাট বাজারের ডাঃ মুহাম্মদ কামাল উদ্দিনের মালিকানাধীন সেবা প্যাথলজি সেন্টার, কলাউজান কানুরাম বাজারে মুহাম্মদ আকাশের শাহ আমানত প্যাথলজিকে সিলগালা করে দেওয়া হয়েছে। এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


