
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ডেপুটি বাজারের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে টিনের ঘেরা দিয়ে রাতের আধাঁরে পাহাড় কাটছে স্থানীয় প্রভাবশালীরা।
সরেজমিন পরিদর্শনে জানা যায়, পাহাড় কাটার দৃশ্য যাতে কারো চোখে না পড়ে সেজন্য চারপাশে টিনের ঘেরা দিয়ে ঢেকে দেয়া হয়েছে। তবে স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন থেকে পাহাড় কাটার ঘটনা আড়াল করতে প্রতিদিন রাতের ১১ টার পর থেকে কয়েকটি স্কেভেটর দিয়ে মাটি কেটে ৮/১০ টি ডেম্পার গাড়ী দিয়ে পাহাড়ের মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।
সাংবাদিকদের দেখে এলেকার কয়েকজন এগিয়ে এসে বলেন যারা পাহাড় কাটছে তারা এলাকার প্রভাবশালী। এছাড়াও স্থানীয় উপজেলা প্রশাসন,চুনতি পুলিশ ফাড়িঁর কর্মকর্তা ও সাংবাদিকদের ম্যানেজ করে পাহাড় কাটা হচ্ছে বলে পাহাড় কাটায় দায়িত্বরতরা এলাকায় বলে বেড়াচ্ছেন বলেও তারা জানান।
স্থানীয় ইউপি সদস্য মো: নেজাম উদ্দিন জানান, চুনতি ডেপুটি বাজারস্থ পাহাড়টি রাতের অন্ধকারে কেটে মাটি বিক্রি করছে বলে জেনেছি। পাহাড়টি চুনতি হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকার মৃত রহমত উল্লাহর পুত্র আব্দুল আলিম ও মো: মানিকের দখলীয়। তারা দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন। তবে পাহাড়টি কেটে ওই জায়গায় বাড়ি নির্মাণ করবে বলে শুনেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক পাহাড়টির পার্শ্ববর্তী বসবাসরত এক ব্যক্তি জানান, পাহাড়টির আয়তন প্রায় ৪/৫ কানি হবে। প্রায় ১৫/২০ দিন ধরে রাতের অন্ধকারে পাহাড়টি কেটে প্রতিগাড়ী মাটি ৬০০ টাকা করে বিক্রি করতেছেন চুনতি ডেপুটি বাজার সংলগ্ন এলেকার মৃত তজু সওদাগরের ছেলে নাছির উদ্দিন নামের এক ব্যক্তি। এদিকে পাহাড়টি কেটে ফেলায় হুমকির মুখে রয়েছে পাহাড়ের উপরে থাকা বেশকয়েকটি বসতঘর। তবে পাহাড় কাটায় দায়িত্বরতরা এলেকার প্রভাবশালী হওয়ায় বসতঘরের মালিকরা হুমকির মূখে থাকলেও মুখ খুলতে সাহস পাচ্ছেনা বলে তারা জানান ।
এ ব্যাপারে পাহাড় কাটার দায়িত্বে থাকা নাছির উদ্দিন জানান,পাহাড়টি আরএস -বিএস-এ বাগানবাড়ি লেখা আছে। জায়গাটির ব্যাপারে আইনগত পরামর্শ নিয়ে এবং সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়ে বাড়ি করার জন্য মাটি কাটছি। এগুলো খতিয়ানি জায়গা। পাহাড়-তাহাড় কিছুই বুঝি না, খতিয়ান হচ্ছ মূল বিষয়। রাতের আধাঁরে পাহাড় কাটা হচ্ছে কেন এমন প্রশ্নের জবাবে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে যান।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: আহসান হাবিব জিতু বলেন, পাহাড় কাটা সম্পূর্ণ অপরাধ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


