
রায়হান সিকদার,বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বের ফলে বাংলাদেশের মানুষকে বিশ্ববাসী এখন শ্রদ্ধা আর বিস্ময়ের চোখে দেখে থাকে। তিনি যখনই ক্ষমতায় এসেছেন নারীদের উন্নয়নের জন্যে কাজ করেছেন। একজন নারী হয়ে তিনি অনুভব করেছেন নারীকে পশ্চাৎপদ রেখে বাংলাদেশ কোনোভাবেই এগিয়ে যেতে পারে না। কারণ দেশের অর্ধেক জনসংখ্যাই নারী। নারী উন্নয়নের জন্যে সবার আগে প্রয়োজন তাদেরকে যথাযথ প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান করা। শেখ হাসিনা বুঝেছেন যে, নারীরা শিক্ষিত না হলে তারা তাদের প্রাপ্য অধিকার সম্পর্কে সচেতন হবে না। তাই অবৈতনিক নারী শিক্ষা চালু করেন। বাল্যবিবাহ নিষিদ্ধ, এসিড সন্ত্রাসের মত ভয়াবহ অপরাধের জন্য মৃত্যুদন্ডের শাস্তি বিধান, ইভটিজিং আইন প্রণয়ন করে নারীর উন্নয়নের পথে সকল প্রতিবন্ধকতা দূর করেছেন তিনি। ফলে এখন বাল্যবিয়ের হার অনেক ক্ষেত্রেই কমে এসেছে। এসিড সন্ত্রাসের মত ভয়াবহ অপরাধ সমাজে এখন তেমন আর নেই। ইভটিজিংয়ের মত সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে চলে এসেছে। শেখ হাসিনা সরকার প্রণয়ন করেছে যৌতুকবিরোধী আইন। মেয়েরা আগের মত আর যৌতুকের বলি হয় না।
মিসেস রিজিয়া রেজা চৌধুরী ২৬ শে জানুয়ারি রবিবার বিকেল তিনটায় সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদ ময়দানে “জননেত্রী শেখ হাসিনা নারী উন্নয়ন সংস্থা”র উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা এটিএম সাইফুল ইসলাম সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নলুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আহমদ মিয়া। বক্তব্য রাখেন নলুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমর দাস মানিক, নারী নেত্রী নার্গিস আক্তার মুন্নি, নাসরিন সুলতানা, রাশিদা বেগমসহ অত্র ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


