
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়াকে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত ভুল হিসেবে দেখছেন ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণা সংস্থা আটলান্টিক কাউন্সিলের উপদেষ্টা এবং কিলওয়েন গ্রুপের কৌশলগত উপদেষ্টা চেয়ারম্যান হারলান উলম্যান।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে উলম্যান বলেন, খামেনির মৃত্যু তাকে ইরানে “শহীদের মর্যাদা” দিয়েছে এবং এর ফলে দেশটির অভ্যন্তরীণ ঐক্য আরও শক্ত হতে পারে।
তিনি আরও বলেন, যদি আলি লারিজানি জীবিত থাকেন, তবে তিনি অত্যন্ত দক্ষ ও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হতে পারেন। লারিজানি দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে যুক্ত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন।
উলম্যানের মতে, যুক্তরাষ্ট্রের উচিত নয় এখন ইরানের কাছ থেকে কোনো আলোচনার ইতিবাচক সাড়া প্রত্যাশা করা। তিনি তুলনা টেনে বলেন, গত জানুয়ারির শুরুতে মার্কিন বাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার পর দেশটির পরিস্থিতি যেমন উত্তপ্ত হয়েছিল, তেমনি পরিস্থিতি এখন ইরানেও তৈরি হতে পারে।
লারিজানিকে ঘিরে সম্ভাব্য ক্ষমতার পুনর্গঠন প্রসঙ্গে উলম্যান বলেন, এই পরিস্থিতি তাকে আরও শক্তিশালী করে তুলতে পারে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
তিনি সতর্ক করে বলেন, শীর্ষ নেতৃত্ব নির্মূল করার কৌশল তখনই কার্যকর হয়, যখন প্রতিপক্ষের পুরো নেতৃত্ব কাঠামো নিয়ন্ত্রণে আনা যায়। তার মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তা করতে সক্ষম হয়নি।
দেশ বাংলা অনলাইন 






