
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
আসন্ন রমজান ও বিদ্যমান করোনা মহামারী পরিস্থিতির সুযোগ নিয়ে নিত্যপণ্যের দাম বাড়ালে অসাধু ব্যবসায়ী দের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন সাতকনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা।
১৯ এপ্রিল ( রবিবার) দুপুরে লোহাগাড়া উপজেলার বটতলী বাজার, দরবেশ হাট ও আলুঘাট রোডের নিত্য পণ্যের দোকান মনিটরিং করতে এসে নিত্যপন্যের মূল্য স্বাভাবিক রাখতে এবং হালাল ব্যবসা করতে ব্যবসায়ীদের নির্দেশ দেন।
এসময় সাতকনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বলেন, আসন্ন রমজান ও করোনার অজুহাতে লোহাগাড়ার কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের মাঝে অধিক দামে বিক্রি করা সংক্রান্ত গোপন তথ্যের বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখছেন।
কেউ যদি এ ধরনের কর্মকাণ্ড করে, তবে তা খুবই দুঃখজনক। কোন ব্যবসায়ী যদি কৃত্রিম সংকট দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি দামে বিক্রি এবং গুদামজাত বা মজুত করে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বর্তমান বাজার মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে পুলিশ নিয়মিত বাজার তদারকি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় ও স্বাভাবিক রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে মর্মে জানান।
তিনি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের হালাল ভাবে ব্যবসা করতে অনুরোধ করেন এবং হারাম ব্যবসার কুফল ও শাস্তি সংক্রান্তে সতর্ক করেন।
সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই পার্থসারথি হাওলাদার।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


