
ইরাকের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা ছয়জন আরোহীর সবাই নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, দুর্ঘটনায় পড়া বিমানটি ছিল কেসি-১৩৫ মডেলের, যা আকাশে উড়ন্ত অন্যান্য যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হতো। বিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।
তবে প্রাথমিকভাবে মার্কিন সামরিক বাহিনীর দাবি, এটি শত্রুপক্ষের কোনো হামলা কিংবা নিজেদের ভুলবশত চালানো আঘাতের ফলে ভূপাতিত হয়নি।
এর আগে সকালে মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় চারজন ক্রু নিহত হয়েছেন এবং নিখোঁজ থাকা দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে। পরে অনুসন্ধান শেষে নিশ্চিত করা হয়, বিমানে থাকা ছয়জনই নিহত হয়েছেন।
সূত্র: আল-জাজিরা
দেশ বাংলা অনলাইন 






