
রায়হান সিকদার, দেশবাংলা ডেস্কঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।এসময় ৭টি ইটভাটার মালিককে ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু।
এসময় সাথে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী, লোহাগাড়া থানার এসআই অজয় দেবশীল,চুনতি ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ সমির চক্রবর্তী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু জানান, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা, ইটভাটা প্রস্তুত আইন ২০১০ এর ধারামতে উপজেলার চরম্বা ইউনিয়নের বশির কোম্পানীর মালিকানাধীন এলবিএম ব্রিকসকে ১ লক্ষ টাকা,আইয়ুব মেম্বার মালিকানাধীন এবিএম ব্রিকসে ৫০ হাজার টাকা, নুরুল কবির সওদাগরের মালিকানাধীন এনকে বিকে ১ লক্ষ টাকা,নুরুল ইসলাম কোম্পানীর মালিকানাধীন এসবিএল ব্রিকসকে ৫০ হাজার টাকা, আধুনগর পদ্মাবিলে শাহাব উদ্দিন কোম্পানীর মালিকানাধীন কিউবিএম ১ লক্ষ টাকা,উপজেলা সদরের সৈয়দ মাস্টারের মালিকানাধীন এলবিসি ব্রিকসকে ১ লক্ষ টাকা, খাইর আহমদের মালিকানাধীন কেএনবি ব্রিকসকে ১ লক্ষ টাকা সহ মোট ৭টি ইটভাটাকে ৬ লক্ষ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


