
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার এবং চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছমদর পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। এ সময় কেন্দ্রজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশেই তিনি ভোট দিয়েছেন। তিনি বলেন, দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। নির্বাচন যদি সেই মানদণ্ডে অনুষ্ঠিত হয়, তবে জনগণের রায় যাই হোক, তা মেনে নেওয়া হবে।
তবে তিনি অভিযোগ করে বলেন, এস আলম গ্রুপের মালিক সাইফুল ইসলাম মাসুদ তাকে নির্বাচনে বাধাগ্রস্ত করতে সর্বশক্তি প্রয়োগ করছেন। তার ভাষ্য অনুযায়ী, তার কেন্দ্র এলাকায় মাসুদের পক্ষে একজন ব্যক্তি অর্থ বিতরণ করেছেন, যদিও মাসুদ ওই এলাকার ভোটার নন। বিষয়টি তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন বলেও জানান।
শাহজাহান চৌধুরী আরও বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সবার ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অনুরোধ করেন।
এদিকে সকাল থেকেই কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
চট্টগ্রাম–১৫ আসনে জামায়াত, বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
মুহাম্মদ নাজিম উদ্দিন 
























