
চট্টগ্রামের সাতকানিয়ায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদ ফয়সাল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফয়সাল সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের হরিণতোয়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম দিল মোহাম্মদ।
সাতকানিয়া থানা সূত্র জানায়, মোটরসাইকেল চুরির ঘটনায় একটি মামলা দায়েরের পরপরই তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটন এবং চোরাই মাল উদ্ধার করতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হকের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন পাটোয়ারী সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় গ্রেপ্তার আসামির হেফাজত থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন,
“মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা রুজুর পরপরই আমরা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত আসামির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। এর ফলে ২৪ ঘণ্টার মধ্যেই চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা গেছে।”
তিনি আরও বলেন,
“আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সাতকানিয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
ওসি জানায়, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মুহাম্মদ নাজিম উদ্দিন 



















