
মাত্র দুই মাসের ব্যবধানে স্ত্রী ও কিশোর পুত্রকে হারিয়ে গভীর শোক ও বেদনায় সময় কাটাচ্ছেন দৈনিক আমার দেশ-এর কক্সবাজার প্রতিনিধি ও অফিস প্রধান সাংবাদিক আনছার হোসেন। এই শোকাবহ সময়ে তার পরিবারের পাশে দাঁড়াতে শুক্রবার (২ জানুয়ারি) কক্সবাজারে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দুপুর ১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে তিনি প্রথমে উত্তর নুনিয়াছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি সাংবাদিক আনছার হোসেনের সদ্যপ্রয়াত স্ত্রী রোকসানা নূর এবং মায়ের শোকে ইন্তেকাল করা ১৩ বছর বয়সী পুত্র আব্দুল্লাহ রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। এ সময় তিনি নীরবে দোয়া করেন এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন।
কবর জিয়ারত শেষে সালাহউদ্দিন আহমদ সাংবাদিক আনছার হোসেনের বাড়িতে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং বড় ছেলে আব্দুল্লাহ নূর হোসেন রুদ্রসহ স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন,
“স্বল্প সময়ের মধ্যে একজন মানুষ যখন স্ত্রী ও সন্তানকে হারান, সেই শূন্যতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আল্লাহ তায়ালা যেন এই পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন।”
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর সাংবাদিক আনছার হোসেনের সহধর্মিণী রোকসানা নূর ইন্তেকাল করেন। এর মাত্র দুই মাস ১৩ দিনের ব্যবধানে, ২৭ ডিসেম্বর মায়ের শোকে অসুস্থ হয়ে তাদের কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহ রিতাজ হোসেন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
পরপর এই দুটি হৃদয়বিদারক ঘটনায় আনছার হোসেনের পরিবার গভীর শোকের ছায়ায় নিমজ্জিত হয়। সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এ ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
মুহাম্মদ নাজিম উদ্দিন 



















