
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আসন্ন টিসিবি টিকা ক্যাম্পেইনসহ সকল প্রকার কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।
৪ অক্টোবর ( শনিবার ) সকাল ৯টার দিকে লোহাগাড়া উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এই কর্মবিরতি শুরু হয়।
কর্মবিরতিতে লোহাগাড়া উপজেলা হেলথ এ্যাসিস্টেন্ট এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবদুল মোমেন, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন, সিনিয়র সহ সভাপতি বাবুল বড়ুয়া, ইন্সপেক্টর ইনচার্জ রত্না বড়ুয়া সহ স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও সকল স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
এটি প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে বলে ও জানিয়েছেন তারা।
জানা যায়, নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিংসহ ৬ দফা দাবিতে লোহাগাড়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। এই কর্মসূচির কারণে টিকাদান কর্মসূচি এবং টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।
স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। তাই বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং এবং ১৪তম গ্রেডে আপগ্রেডেশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা ঘোষণা দেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















