
বিএনপি ক্ষমতায় গেলে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি হাতে নেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে খাল খনন কার্যক্রমও পুনরায় চালু করার ঘোষণা দেন তিনি।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, দেশের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি সতর্ক করে বলেন, গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে বিভেদ তৈরি হলে রাষ্ট্রে পতিত, পরাজিত ও পলাতক ফ্যাসিস্টদের পুনর্বাসনের পথ সুগম হয়ে যাবে।
নির্বাচনকে জনগণের শক্তি বৃদ্ধির প্রধান হাতিয়ার আখ্যায়িত করে তিনি বলেন, নির্ধারিত সময়ে ভোট নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ও শর্ত আরোপ করলে গণতন্ত্র চর্চা ব্যাহত হয় এবং জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা তৈরি হয়।
ইতিহাসের নৃশংসতম ফ্যাসিস্টের পতনের পর গণতন্ত্রকামী শক্তিগুলোকে ইস্যুভিত্তিক অকারণ বিতর্কে না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এ ধরনের আচরণ শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান।
তারেক রহমানের ভাষ্য, সংবিধান বা লিখিত বিধি দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো সম্ভব নয়—এ ক্ষেত্রে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করাই হচ্ছে একমাত্র সমাধান।
দেশ বাংলা অনলাইন 



















