
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হিসেবে নিবন্ধিত হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সালাউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি বাংলাদেশে পৌঁছাবেন। দেশে ফেরার পর শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া শুরু করবেন।
এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া।
উল্লেখ্য, তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন। তবে এখনো ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি।
দেশ বাংলা অনলাইন 



















