
১৬–১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২২ ফেব্রুয়ারি) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো নির্দেশনায় বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)–এর ধারা ৫ অনুযায়ী, আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করতে বলা হয়েছে।
ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই বয়সে এনআইডি কার্ড দেওয়া হলেও ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন না।
উল্লেখ্য, এর আগেও ১৭ বছর বয়সীদের এনআইডি প্রদান করেছে ইসি।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
দেশ বাংলা অনলাইন 



















