
হ্যাক হওয়া পোস্টের কারণে যদি কোনও মা-বোন কষ্ট পেয়ে থাকেন, তবে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, হ্যাকিংয়ের ঘটনার পর একটি পক্ষ বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। এ নিয়ে মিছিল-মিটিং করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়, “যারা প্রকৃত অর্থে নারীর সম্মান করে না, তারাই এই ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়।”
নারীর সম্মান প্রসঙ্গে তিনি বলেন, যারা নারীদের অপমান করে, তারা মানবিক মূল্যবোধ থেকে বিচ্যুত। সবাইকে নিজেদের পরিবার থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান— তাই নারীর সম্মান রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।”
জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান।
দেশ বাংলা অনলাইন 



















