খোরশেদ আলম শিমুল
হাটহাজারী পৌরসভার আব্বাসিয়া পুল সংলগ্ন নিউ লাকি নামক আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে ২ হাজার আইসক্রিম জব্দ ও ধ্বংস করেছে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন। শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১ টায় এ অভিযানে ২ হাজার আইসক্রিম ধ্বংস ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে তার সাথে ছিলেন উপজলো প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।
জানা যায়,আইসক্রিম কারখানায় দেখে মনে হবে হোলির রঙ। অথচ এই রঙ ব্যবহার করে বানানো হচ্ছে বিষাক্ত আইসক্রিম। আইসক্রিমের নামে এই বিষ খাইয়ে কোমলমতি শিশুদের বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।এসব আইসক্রিমের উৎপাদন প্রক্রিয়া ও পরিবেশ সম্পর্কে সাধারণ মানুষ অবগত নয় বলেই তীব্র দাবদাহে অনায়াসে ঠান্ডা স্বাদে মেতে উঠছেন। অভিযান প্রক্রিয়া চলমান থাকার পরও বন্ধ করা যাচ্ছে না এসব বিষাক্ত আইসক্রিমের উৎপাদন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, নিউ লাকি আইসক্রিম কারখানায় আইসক্রিম তৈরিতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিষাক্ত ঘনচিনিসহ এরারোট, স্যাকারিন, ক্ষতিকর রঙ, পামওয়েল ব্যবহার করা হচ্ছে। চকবার আইসক্রিমের মধ্য আবার পামওয়েল না দিলে নাকি আইসক্রিম হয় না। অনেক চেষ্টা করেও ঘনচিনির ব্যবহার বন্ধ করা যাচ্ছে না। সচেতনও করা যাচ্ছেনা।
তিনি জানান, যতদিন অসাধু ব্যবসায়িরা আইসক্রিম তৈরিতে ক্ষতিকারক রঙ, কেমিকেল ও ঘনচিনির ব্যবহার থেকে সরে আসবে না ততদিন পর্যন্ত এসব প্রতিষ্ঠানে অভিযান অব্যাহত থাকবে। শুধু তাই নয় ভবিষ্যতে এসব প্রতিষ্ঠান সিলগালা করার পাশাপাশি কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের কথা জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















