বান্দরবানের রুমা উপজেলায় পর পর অভিযানে আবারো পপি (আফিম) ক্ষেত ধ্বংস করল সেনাবাহিনী। গত মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রুমা জোন (২৭ ইবি) সদর হতে ক্যাপ্টেন মো. আশিকুর রহমানের নেতৃত্বে স্পেশাল টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বগালেক ক্যাম্প হতে উত্তর-পূর্ব দিক থেকে ৮ থেকে ৯ কি. মি. গহিন পাহাড়ের ঝিরির পাশে, সাইকট পাড়া ও খুলিয়ান খুমি পাড়া এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০/১১টি স্থানে অজ্ঞাত পাহাড়ি ব্যক্তিদের প্রায় ১০ থেকে ১১ একর পপি (আফিম) ক্ষেত ধ্বংস করা হয়। এসময় ঐ এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে এলাকার লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম আকবর পিএসসি বলেন, আফিম চাষ হচ্ছে একটি বিষাক্ত নেশাজাতীয় গাছ, যা থেকে হিরোইন ও আফিম তৈরি করা হয়। যা খেয়ে সমাজের হাজার হাজার মানুষ মাদকাসক্ত হচ্ছে এবং মৃত্যুর কোলে ঢলে পরছে। তাই এ ধরনের বিষাক্ত আফিন চাষ রুমা দুর্গম পাহাড়ি এলাকায় যেখানেই হোক না কেন ভবিষ্যতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, পাহাড়ের দুর্গম এলাকায় এমন জায়গায় যেখানে কারো নজর পড়ে না এসব জায়গায় বিশেষ করে পাহাড়ি ঝিরির কাছে স্থানীয় পাহাড়িরা লাভজনক পপিচাষ দীর্ঘদিন থেকে করে আসছেন। প্রতিবছরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে এসব আফিম বাগানগুলো ধ্বংস করছে। ইতোমধ্যে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পর পর অভিযান চালিয়ে রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিপুল পরিমাণ আফিম বাগান ধ্বংস করে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় স্থানীয় পাহাড়ের সম্প্রদায় ও বিদেশি বেশ কয়েকটি সন্ত্রাসী প্রূপ দীর্ঘদিন থেকে চলো আফিমের চাষ করে আসছে। তবে নিরাপত্তা বাহিনীর অভিযানের কারণে এসব আফিম চাষ অনেকাংশেই কমে এসেছে।

দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















