
সিলেটে পাথরলুট নিয়ে চলমান বিতর্ক ও সমালোচনার মধ্যে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মো. সারওয়ার আলম। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে একই মন্ত্রণালয়ে যুক্ত করা হয়েছে। সম্প্রতি সিলেটের ভোলাগঞ্জ, জাফলং, রাংপানিসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে পাথরলুটের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি দুর্নীতি দমন কমিশন (দুদক) ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের দায়বদ্ধতা খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে।
এ প্রেক্ষাপটে ডিসি পরিবর্তনের সিদ্ধান্ত এলো। নতুন দায়িত্ব পাওয়া সারওয়ার আলম বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০০৮ সালের নভেম্বরে চাকরিতে যোগ দেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল ও দুর্নীতিবিরোধী অভিযানে দৃঢ় অবস্থানের জন্য সারওয়ার আলম আলোচনায় এসেছিলেন।
দেশ বাংলা অনলাইন 



















