
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রতারণার আশ্রয় নিয়ে গ্যাস সিলিন্ডারে অর্ধেক গ্যাস,বাকি অর্ধেক বাতাস ভর্তি করে বাজারজাত করার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সিলিন্ডার,হাওয়ার মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।তবে,কাউকে পাওয়া যায়নি।
গতকাল দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কলাউজান তেলিপুকুর পাড়স্থ খালেদাদ খাঁন মসজিদ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।
অভিযান কালে কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টুসহ লোহাগাড়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা, ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার কলাউজান তেলিপুকুর পাড়স্থ খালেদাদ খাঁন মসজিদ সংলগ্ন এলাকায়রপ্রতারণার আশ্রয় নিয়ে গ্যাস সিলিন্ডারে অর্ধেক গ্যাস,বাকি অর্ধেক বাতাস ভর্তি করে এবং বড় বড় দামি দামি কোম্পানীর স্টিকার লাগিয়ে সিলিন্ডার বিভিন্ন এলাকায় বাজারজাত করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালিত করে কিছু সিলিন্ডার বোতল,হাওয়ার মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়।
কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টো বলেন, গ্যাস সিলিন্ডারে, গ্যাসের বোতলে অর্ধেক হাওয়া ও অর্ধেক গ্যাস ভর্তি বাজারজাত করা এবং গ্যাস সিলিন্ডারে বড় বড় কোম্পানীর স্টিকার লাগিয়ে বড় ধরণের প্রতারণার সামিল। অভিযান পরিচালনা করায় এসিল্যান্ড মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল বলেন, বাহিরে মুরগির ফার্ম কিন্তু ভিতরে একটা মেশিনের মাধ্যমে সিলিন্ডারে হাওয়া আর অল্প গ্যাস দিয়ে বসুন্ধরা কোম্পানীসহ বিভিন্ন ব্রান্ডের বোতল ব্যবহার করে সেখানে স্টিকার লাগিয়ে বাজারজাত করছিল একটি চক্র।এটি বড় ধরণের প্রতারণা। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খালি সিলিন্ডার,হাওয়ার মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করেছি। তবে,অভিযানকালে কাউকে পাওয়া যায়নি।অবশিষ্ঠ ১৬৭টি গ্যাসের বোতল ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















