
টাঙ্গাইল-৫ (সদর) আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিনের বার্ধক্যজনিত জটিলতায় রাজধানীর বাসায় বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের মৃত্যুতে টাঙ্গাইল জেলাজুড়ে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একই আসনের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীনসহ দলীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার মাকোরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১২ সালের উপ-নির্বাচনে পুনরায় জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন।
দেশ বাংলা অনলাইন 




















