
শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
দিন ঘনিয়ে আসার সাথে সাথে জমে উঠেছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারনা। দুপুরের পর থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ভোটারের দুয়ারে দুয়ারে গিয়ে স্ব-স্ব প্রতীকে ভোট প্রার্থনা করছেন। প্রচারনা শুরুর দিকে বৃষ্টি না থাকলেও গত কয়েকদিন থেকে থেমে থেমে বৃষ্টির কারনে প্রচারনা বাধাগ্রস্থ হচ্ছে। তবে কিছুতেই সময় নষ্ট করতে চাইনা প্রার্থীরা। বৃষ্টি মাড়িয়ে জনগনের কাছে ছুটে যাওয়ার প্রানান্তর প্রচেষ্টা তাদের। নির্বাচনী মাঠ সরেজমিন পরির্দশন, একাধিক প্রার্থী, দলীয় নেতা ও সাধারণ ভোটারের সাথে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। প্রার্থী ও কর্মী সমর্থকরা প্রতিদিন প্রচার প্রচারনা অব্যাহত রাখলেও ভোটে আগ্রহ নেই ভোরটারদের। আগেকার নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া থাকা ও জামায়াতের ঘাটি হিসেবে পরিচিত এ উপজেলার নির্বাচনে জামায়াতের কোন প্রার্থী নির্বাচনে অংশ না নেওয়ায় বাসিন্দাদের মাঝে ভোট নিয়ে এখনো তেমন আগ্রহ দেখা যাচ্ছেনা বলে জানিয়েছেন সচেতন মহল। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সাতকানিয়া আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি (নৌকা), বিএনপির প্রার্থী হিসেবে সাতকানিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল গাফ্ফার চৌধুরী (ধানের শীষ)ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল মোনায়েম মুন্না চৌধুরী (মোটর সাইকেল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে ইতিমধ্যে মাঠে নেমেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, স্বাধীনতা চিকিৎসক
পরিষদের (স্বচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমানসহ দলের সিনিয়র নেতারা। আর বিএনপি প্রার্থী আব্দুল গাফ্ফার চৌধুরীর পক্ষে মনোনয়ন জমাদানের দিন সাতকানিয়া বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিনসহ দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাদের দেখা গেলেও বর্তমানে সাতকানিয়া বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে গনসংযোগ ও পথসভা চলছে। মনোনয়ন জমা দিয়েই পৌরসভা ও প্রতিটা ইউনিয়নে নেতাকর্মীদের নির্বাচনী কাজে সম্পৃক্ত করার জন্য দলের বর্ধিত সভা বর্ধিত সভা করলে ক্ষেত্রে পিছিয়ে আছে বিএনপি প্রার্থী। তিনি হাতে গুনা কয়েকটি ইউনিয়নে দলের বর্ধিত সভা করতে পারলেও বেশির ভাগ ইউনিয়নে করতে পারেননি। দীর্ঘ দিন থেকে জামায়াতের ঘাটি হিসেবে পরিচিত এ উপজেলার বিএনপি প্রার্থী প্রচারনায় থেকে জামায়াতের ভোট ব্যাংকের উপর ভর করে বিজয়ী হতে পারবে বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। তবে নাম প্রকাশ না করার শর্তে জামায়াত নেতাদের সাফ জবাব আমরা কেন্দ্রীয় ভাবে কোন নির্বাচনে অংশ নিচ্ছিনা এবং উপজেলা নির্বাচনে কোন প্রার্থীকে সমর্থনও দেইনি।
আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনী প্রচারনা সর্ম্পকে জানতে চাইলে নির্বাচনের প্রধান সমন্বয়কারী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, দলীয় প্রার্থী এম এ মোতালেব সিআইপিকে বিজয়ী করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে। প্রচারনার জোয়ার দেখে বলা যায় সব কিছু ঠিক থাকলে বিপুল ভোটে নৌকা প্রতীকের বিজয় হবে সাতকানিয়ায়।
প্রার্থী এম এ মোতলেব সিআইপি বলেন, গতকাল সোমবার কা নায় গনসংযোগ ও পথসভা করেছি। বৃষ্টির কারনে বাধাগ্রস্থ হলেও প্রচারনা থেমে যায়নি, প্রচারনা অব্যাহত রয়েছে।
বিএনপির প্রার্থীর প্রচারনার বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, আমাদের প্রচারনা চলছে। বৃষ্টি হলেও প্রচারনা অব্যাহত আছে। প্রচারনায় ভোটারের ব্যাপক সাড়া দেখেছেন বলে জানান তিনি। প্রসঙ্গত, অক্টোবরের ১৪ তারিখ সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সবকটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করার কথা রয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















