
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটির ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী এ ইউ মাসুদ (আরফান উদ্দিন) পদত্যাগ করেছেন। শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি এ সিদ্ধান্ত জানান।
এ ইউ মাসুদ পেশায় উপজেলার একটি মাদরাসার শিক্ষক। পদত্যাগপত্র আকারে দেওয়া ফেসবুক পোস্টে তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বরাবর অভিযোগ তুলে লেখেন, দলীয় কমিটি ঘোষণায় কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়াই এক ব্যক্তির একক সিদ্ধান্তে তা গঠন করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থি।
তিনি জানান, গত ২৫ জুন কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়, যেখানে তাকে ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী করা হয়। কিন্তু এ বিষয়ে আগে থেকে তাকে জানানো হয়নি। তার দাবি, কমিটি ঘোষণার আগে প্রধান সমন্বয়কারীর পদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, কমিটি গঠনে এনসিপির দক্ষিণ জেলার সমন্বয়ক সিফাত হোসাইনের একক সিদ্ধান্ত ছিল মুখ্য ভূমিকা। এছাড়া তিনি সন্দেহ প্রকাশ করেন, কমিটি গঠনের পেছনে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সম্পর্ক প্রভাব ফেলতে পারে।
অভিযোগের বিষয়ে সিফাত হোসাইন বলেন, সাতকানিয়া উপজেলায় এনসিপি’র কমিটি হয়েছে ৩ মাসের জন্য।
কমিটি গঠনের ২ মাস পর তার (আরফান উদ্দিন)র এমন অভিযোগ ‘ভিত্তিহীন’। সিফাত হোসাইন বলেন, কমিটি গঠনের পর থেকেই এ ইউ মাসুদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসে। তিনি পূর্বে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন এবং অভিযোগের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে পারেননি। ফলে অন্য সদস্যরা তার সঙ্গে কাজ করতে অনাগ্রহী। তবে কমিটি গঠনে কোনো আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সম্পর্কের প্রভাব ছিল না বলে তিনি দাবি করেন।
মুহাম্মদ নাজিম উদ্দিন 



















