নিজস্ব প্রতিনিধি,দেশবাংলা.নেট
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার ব্যবসায়িক প্রাণকেন্দ্র কেরানীহাটের মাহি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ আইয়ুব আলীর বিরুদ্ধে দায়েরকৃত দুটি চেক প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। চট্টগ্রাম আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল উদ্দিন এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে সাতকানিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক শহিদুল ইসলাম বাবর কেওচিয়া ইউনিয়নের জনার কেওচিয়া গ্রামের চেয়ারম্যান পাড়ার বাসিন্দা দুলা মিয়ার পুত্র আইয়ুব আলীর বিরুদ্ধে সিআর মামলা নম্বর ৬/২০১৯ এবং ৭/২০১৯ ইং মামলা দুটি দায়ের করেন। গত ৭ জানুয়রী মামলা দুটি দায়েরের প্রেক্ষিতে আদালত আইয়ুব আলী বিরুদ্ধে সমন জারি করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির না হওয়ায় আজ ১৭ ফেব্রুয়ারী রবিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মোঃ ইউনুস চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন আদালতের সমন উপেক্ষা করায় আদালত আমাদের বক্তব্য শুনে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















