
চট্টগ্রামের সাতকানিয়ায় হাজী এবাদুল্লাহ–এলাম খাতুন হেফজখানা, এতিমখানা, মসজিদ ও হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলেম-ওলামা, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক এলাকাবাসী।
ফুলকলি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা হেলাল উদ্দিন জমির উদ্দিন।
শাহ মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা জহিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন—পিউরিয়া ফুড প্রোডাক্টস লিঃ ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব কফিল উদ্দিন, জিরি মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা হুবাইব, কল্পোলক জামে মসজিদের খতিব মাওলানা ইমরান সাঈদ, মাওলানা মুহাম্মদ আয়ুব, মাওলানা লোকমান হাকিম ও আলহাজ্ব মাওলানা আমির আহমদ। এছাড়া জুমার নামাজে বয়ান করেন বায়তুল মোকাররমের ইমাম মাওলানা মুহিবুল্লাহ বাক্বী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. আকিবুল ইসলাম এবং নাতে রাসুল (সা.) পাঠ করেন ইমাদাদুল সাঈদ তামিম।
শিক্ষা, ধর্মীয় সেবা ও স্বাস্থ্য– তিন খাতে বড় সুবিধা
অতিথিদের উপস্থিতিতে উদ্বোধন হওয়া এ নবনির্মিত ভবনটি স্থানীয় জনগণের জন্য ধর্মীয় শিক্ষা, সামাজিক সেবা এবং স্বাস্থ্যসেবার নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বিশেষ করে এলাকার অসহায়, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের জন্য এটি হবে মানবিক সেবার নিরাপদ ঠিকানা।
এসময় পিউরিয়া ফুড প্রোডাক্টস লিঃ ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব কফিল উদ্দিন বলেন— “হাজী এবাদুল্লাহ–এলাম খাতুন কমপ্লেক্স শুধু একটি ভবন নয়—এটি আমাদের আগামী প্রজন্মের জন্য নৈতিক, মানবিক ও ধার্মিক সমাজ গঠনের একটি দৃষ্টান্ত। এখানে গড়ে উঠবে কুরআনের হাফেজ, আলেম, শিক্ষিত মানুষ; মসজিদে মুসল্লিরা পাবেন উন্নত পরিবেশে ইবাদতের সুযোগ; আর হাসপাতালটি হবে দরিদ্র-অসহায় মানুষের চিকিৎসার ভরসাস্থল।
এই প্রতিষ্ঠান আলোর একটি কেন্দ্র হয়ে এই এলাকার মানুষের ভাগ্যউন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন—
“মানুষের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব ও ঈমানি দায়িত্ববোধ। আমরা চাই—সাতকানিয়ার প্রতিটি পরিবার যেন শিক্ষা, চিকিৎসা ও ধর্মীয় সেবার নিশ্চয়তা পায়। এই প্রতিষ্ঠান সেই লক্ষ্য অর্জনের একটি বড় পদক্ষেপ।”
মুহাম্মদ নাজিম উদ্দিন 




















