
দীর্ঘদিন ধরে চলাচলের একমাত্র পথ বন্ধ করে দিয়ে পরিবারগুলোকে কার্যত অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সোচ্চার হলো ভুক্তভোগীরা। নাগরিক অধিকার ও স্বাভাবিক জীবনের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
রোববার (২৫ জানুয়ারি) সকালে সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের ঘাটিয়া পাড়া এলাকায় ‘আমরা ভুক্তভোগী পরিবারবর্গ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। তাঁদের চোখে ছিল বঞ্চনার ক্ষোভ আর কণ্ঠে ছিল মুক্ত জীবনের আকুতি।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে অবরুদ্ধ পরিবারের বাসিন্দা আব্দুল জব্বার বলেন, সরকারি অর্থায়নে সংস্কার করা শত বছরেরও বেশি পুরনো একটি রাস্তা প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে। এতে তাদের যাতায়াতের একমাত্র পথ বন্ধ হয়ে স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
একই অভিযোগ তুলে মোহাম্মদ নুরুন্নবী ও রিনা আক্তার বলেন, পথ বন্ধ থাকায় শিশুদের বিদ্যালয়ে যাওয়া ব্যাহত হচ্ছে, অসুস্থ রোগীদের সময়মতো চিকিৎসা নেওয়া কঠিন হয়ে পড়েছে এবং প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। অবরুদ্ধ এই জীবনে মানবিক বিপর্যয় নেমে এসেছে বলে জানান তারা।
ভুক্তভোগীরা অবিলম্বে চলাচলের পথ উন্মুক্ত করা এবং প্রশাসনের কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে সমস্যার স্থায়ী ও মানবিক সমাধানের জোর দাবি জানান।
মুহাম্মদ নাজিম উদ্দিন 
























